টেকনাফে ‘দুই গ্রুপের গোলাগুলিতে’ নিহত ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫০ এএম

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও মিনাবাজার এলাকার সফর আলী ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

নিহতরা ডাকাত নাকি ইয়াবা ব্যবসায়ী বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ওসি (তদন্ত) মো. এম এম দোহা জানান, রাতে স্থানীয়দের মাধ্যমে দুইটি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় দুইটি দেশীয় তৈরি এলজি ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘নিহত দেলোয়ার হোসেন রুবেল ও মোহাম্মদ রফিক চিহ্নিত সন্ত্রাসী। ইয়াবা, মানবপাচার ও সড়ক ডাকাতির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাতে সংঘর্ষ হয় এবং গোলাগুলিতে তারা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত