কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই পাঁচ দিন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০১:২২ এএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বক্সে ত্রুটি হওয়ায় গত বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা। দূর থেকে গভীর নলকূপ ও খালের পানি এনে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপকূলীয় এই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫১ শয্যার। গত কয়েক দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাগর হোসেন বলেন, ‘আমি অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে এখানে ভর্তি হই। হাসপাতালে পানি না থাকায় আমিসহ অন্য রোগীরা বিপাকে পড়েছেন।’ চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম জানান, কলস অথবা বোতলে করে টিউবওয়েলের পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

ঝালকাঠি জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার গতকাল দেশ রূপান্তরকে জানান, হাসপাতালের পানির পাম্পটি সচল করার জন্য তিনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত হাসপাতালে আবার পানি সরবরাহ করার আশ্বাস দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত