আশুলিয়ায় ট্রাক খাদে পড়ে নিহত ৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ এএম

আশুলিয়ার মরাগাং এলাকায় একটি ইটবোঝাই ট্রাক গভীর খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকার মেঘনা ব্রিক ফিল্ড থেকে সড়কে উঠার সময় স্লিপ কেটে ট্রাকটি খাদে পড়ে যায়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে চালকসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সাড়ে ১০টার দিকে আরও একজনের মৃতদেহ পাওয়া যায়।

এখন পর্যন্ত একজন নিরাপত্তা কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- চালক মুজাহিদ (২৫), শ্রমিক শাহিন (৩৫) ও আরিফ। তাদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এলাকায়। তারা আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটার ট্রাকে কাজ করতেন। এছাড়া নিখোঁজ রয়েছেন নিরাপত্তা কর্মী আব্দুল কাদের (৪০)।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত