রোকেয়ায় দুই সাংবাদিকক ‘ছাত্রলীগের’ মারধর

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৩:২৩ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মারধরের শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক সংবাদের বেরোবি প্রতিনিধি আল আমীন হোসেন এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সৌম্য সরকার। গত মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুখতার এলাহী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে তাদের দুজনকে মারধর করা হয়।

প্রক্টর আবুল কালাম মো. ফরিদুল হককে দেওয়া অভিযোগে বলা হয়, গত বছর সেপ্টেম্বরে মুখতার এলাহী হলের দুটি সিট আল আমীন ও সৌম্যের নামে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু হল প্রশাসন দীর্ঘসময়েও সিট দুটি খালি করে দিতে পারেনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ও হল শাখা সভাপতি হাসান আলীর সঙ্গে কথা বলতে তারা দুজন মুখতার এলাহী হলে যান। তুষার কিবরিয়া তাদের জন্য বরাদ্দ করা দুটি সিট দেখিয়ে দিয়ে সেখানে উঠতে বলেন। কিন্তু সেখানে উঠতে গেলে জয়ের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী প্রথমে সৌম্য সরকারকে মারধর শুরু করে। তখন আল আমীন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। পরে ওই দুই সাংবাদিকের চিৎকার শুনে সেখানে এসে তাদের উদ্ধার করেন তুষার কিবরিয়া ও হাসান আলী। জানতে চাইলে মাহমুদুল হাসান জয় কোনো কথা বলতে রাজি হননি। তুষার কিবরিয়া বলেন, ‘এটি অনাকাক্সিক্ষত ছিল। আমরা মীমাংসার চেষ্টা করছি।’ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’ প্রক্টর আবুল কালাম মো. ফরিদুল হক বলেন, ঘটনা তদন্তে হল প্রভোস্ট অধ্যাপক ফেরদৌস রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের শাস্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত