নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক সিরাজুল ইসলাম (৩৬) ওই এলাকায় বেড়াতে গেলে তাকে শুক্রবার ভোরে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার লাকাই বাড়ি ইউনিয়নের কাটা পুকুর গ্রামের মুকুল হোসেনের ছেলে।
নিতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হুমায়ন কবির জানান, ভোরে সিরাজুল ইসলাম সীমান্ত এলাকায় বেড়াতে গেলে বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। তাকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
