কোপা দেল রের সেমিতে বার্সার প্রতিপক্ষ রিয়াল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ এএম

এবারের কোপা দেল রের সেমি-ফাইনালে দুটি ক্লাসিকো লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ফাইনাল নিশ্চিত করার পথে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদে শুক্রবার কোপা দেল রের শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়। অন্য সেমি-ফাইনালে ভালেন্সিয়া মুখোমুখি হবে রিয়াল বেতিসের।

আগামী বুধবার নিজেদের মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ফিরতি লেগ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ২ মার্চ লা লিগার ম্যাচে ফের মুখোমুখি হবে তারা। অর্থাৎ এক মাসের মধ্যে দল দুটির মধ্যকার তিনটি ক্লাসিকো লড়াই দেখতে পাবে ফুটবলমোদীরা।

এবারের মৌসুমটা তেমন ভালো যাচ্ছে না রিয়ালের। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে আছে তারা। অক্টোবরে সবশেষ ক্লাসিকো লড়াইয়ে কাতালান ক্লাবটির কাছে ৫-১ গোলে উড়ে গিয়েছিল তারা।

সেমি-ফাইনালে রিয়ালকে হারিয়ে দিতে পারলে টানা পঞ্চমবারের মতো কোপা দেল রে শিরোপা জয়ের পথে আরো কাছে চলে যাবে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত