আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক দফার এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীন মোল্লাসহ দুই পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের পার্শ¦বর্তী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নত রাখতে ব্যর্থ হওয়ার এবং দলীয় শৃঙ্খলার প্রতি আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি থাকার অভিযোগ দেখিয়ে জবি শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষই ক্যাম্পাসে মহড়া দিচ্ছিল। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে মাথায় হেলমেট পরে সংঘর্ষে নামে তারা। সভাপতি তরিকুল ওরফে দাদা গ্রুপের ছোট তরিকুল, রিমন, ইমরান, হামিম, সান, শোভন মাথায় হেলমেট পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
এর আগে গত বৃহস্পতিবার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন। ওই ঘটনার রেশ ধরে গতকাল ফের সংঘর্ষে জড়ায় তারা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনে পরিস্থিতি স¦াভাবিক হতে থাকে বলে জানান কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান।
