দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি হতে পাথর এবং বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণের কাজে ব্যবহারের জন্য ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে খনি কর্তৃপক্ষ।
ভারত থেকে আমদানি করা এসব বিস্ফোরক রবিবার দুপুরে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। খনি কর্তৃপক্ষের চাহিদাপত্র অনুযায়ী আমদানিকারক প্রতিষ্ঠান এএস ইন্টারন্যাশনাল ১ লাখ ৮৩ হাজার ৯০০ মার্কিন ডলার মূল্যের বিস্ফোরক পণ্য গুলো আমদানি করেছে বলে খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহা-ব্যবস্থাপক (অপারেশন) আবু তালেব ফরাজী বলেন, দুই খনিতে ব্যবহারের জন্য প্রতি তিন মাস অন্তর সমপরিমাণ বিস্ফোরক আমদানি করা হয়ে থাকে।
