ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। গত বছর অক্টোবরে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।
রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালত বিচারপ্রার্থীদের ভরসার শেষ স্থল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।
প্রেস সচিব আরও জানান, রাষ্ট্রপতি আপিল বিভাগে বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা করেন, তারা জনগণের বিচার প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এ সময় নতুন বিচারপতিরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান।
