ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম সারির ক্লাব আর্সেনালের কৃষ্ণাঙ্গ ফুটবলার অ্যালেক্স আইওবির কাছে ক্ষমা চাইলেন বলিউডের অভিনেত্রী ও মডেল এশা গুপ্তা। এ খেলোয়াড়কে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে সম্প্রতি তোপের মুখে পড়েন তিনি।
যদিও সাবেক এই মিস ইন্ডিয়া ভারতে আর্সেনাল ক্লাবের একজন অ্যাম্বাসেডর।
এশা কিছুদিন আগে বন্ধু বরুণ গুপ্তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে ছিল প্রিমিয়ার লীগে আর্সেনালের হার নিয়ে হতাশা।
বরুণ হারের জন্য সরাসরি দায়ী করেন দলটির নাইজেরিয়ার তারকা আইওবিকে। সেখানে এ খেলোয়াড় সম্পর্কে ‘গরিলা-মুখো’ ও ‘বিবর্তন থেমে গেছে’ এমন আপত্তিকর মন্তব্য করা হয়।
“নিয়ান্ডারথাল থেকে এখনো মানুষ হয়ে উঠতে পারেনি”- এমন মন্তব্যে জবাবে ‘হাহাহাহা’ লেখেন এশা গুপ্তা। বলেন, “জানি না, ওকে আরও বেশি করে বেঞ্চে বসিয়ে রাখা হয় না কেন!”
সেই কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে বিপাকে পড়েন নায়িকা।
এই আচরণ আপত্তিকর ও বর্ণবাদী বুঝতে পেরেই তিনি দ্রুত সেটা ডিলিট করে দেন - কিন্তু ততক্ষণে বহু অনুসরণকারী সেই স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন। এ নিয়ে নিন্দার ঝড় উঠলে প্রকাশ্যেই আইওবি’র কাছে ক্ষমা চাইলেন।
সোশ্যাল মিডিয়াতে লেখা এক খোলা চিঠিতে এষা লেখেন, “গত শুক্রবার আমার অবিবেচকের মতো আচরণের জন্য আমি ভীষণভাবে দুঃখিত।”
আরও বলেন, “বহু বছর ধরে আর্সেনালের একনিষ্ঠ ভক্ত হিসেবে আমি খেলাটার মধ্যে আসলে একেবারে ঢুকে গিয়েছিলাম!”
ওই মেসেজে যে ‘বর্ণবাদী ইঙ্গিত’ আছে বুঝতে পারেননি উল্লেখ করে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য’ আইওবি যেন তাকে ক্ষমা করে দেন সেই অনুরোধ করেন। পাশাপাশি আর্সেনাল ক্লাবের উদ্দেশে আলাদা চিঠিতে লেখেন, “আমি আশা করব ক্লাব কর্তৃপক্ষ আমার এই বিনীত ক্ষমা প্রার্থনা স্বীকার করে নেবেন এবং আমাকে ভুল শোধরানোর সুযোগ দেবেন।”
তবে ক্ষমা প্রার্থনার পরও এশা গুপ্তাকে আর্সেনাল সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকেই দাবি তুলছেন, আর্সেনাল ক্লাব যেন এই বলিউড তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
