নকল করতে না দেওয়ায় ভোলায় পরীক্ষা কেন্দ্রের মধ্যেই এক শিক্ষিকাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার এসএসসির গণিত পরীক্ষা চলাকালে জেলার বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত আসমা খাতুন দৌলতখান উপজেলার জয়নুল আবেদিন ল্যাবরেটরি হাইস্কুলের সহকারী শিক্ষিকা।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থী শিক্ষিকার ওপর হামলা করেছে বলে তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
শিক্ষকরা জানান, গণিত পরীক্ষায় ওই কেন্দ্রের ৮ নম্বর কক্ষে আছমা খাতুন কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। পরীক্ষার সময় শিক্ষার্থীরা নকল করতে চাইলে তিনি বাধা দেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডাও হয়। পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তার ওপর হামলা করে। পরে পুলিশ ও শিক্ষকরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ভোলা থানার ওসি ছগির মিঞা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন থেকে বিরত থাকাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
