আর্সেনালের সঙ্গে দীর্ঘদিনের বন্ধনে ইতি টেনে ইউভেন্তুসে নাম লেখাতে যাচ্ছেন অ্যারন র্যামসি। আগামী জুলাইয়ে ইতালিয়ান ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে পাড়ি জমাবেন এই মিডফিল্ডার। এই জন্য সেরি আর ক্লাবটির সঙ্গে একটি প্রাক-চুক্তিতে সই করেছেন ওয়েলসের এই ফুটবলার।
চুক্তি অনুযায়ী ইউভেন্তুসের হয়ে চার বছর খেলবেন র্যামজি। ২৮ বছর বয়সী এই খেলোয়াড়কে তুরিনের ক্লাবটি সপ্তাহে ৪ লাখ পাউন্ড করে দেবে বলে সংবাদ মাধ্যমে খবর।
জুনে আর্সেনালের হয়ে চুক্তির মেয়াদ শেষ হবে র্যামজির। নতুন চুক্তি নিয়ে দেন-দরবারের পর ক্লাবটির ছাড়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন মাঝ মাঠের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়।
১১ বছর আগে কার্ডিফ সিটি থেকে আর্সেনাল শিবিরে যোগ দিয়েছিলেন র্যামজি। এই সময়ে সাবেক কোচ আর্সেন ভেঙ্গারের অধীনে ক্লাবটির হয়ে তিনবার এফএ কাপ জিতেছেন তিনি।
নতুন কোচ উনাই এমেরির অধীনে আর্সেনাল নিয়মিত একাদশে জায়গা পেতে ব্যর্থ হচ্ছিলেন র্যামজি। এর মধ্যেই তার ক্লাব ছাড়ার ঘোষণা আসল। ইউভেন্তুস ছাড়াও র্যামজিকে দলে টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বায়র্ন মিউনিখ, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।
