কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর উদ্ধার স্কুলছাত্রের লাশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৮ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজ হওয়ার এক দিন পর আবদুর রহমান রতন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার লাহিনী গ্রামের নির্মাণাধীন একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে কুমারখালী থানাপুলিশ। সে লাহিনী গ্রামের টাইলস মিস্ত্রি আজম আলীর ছেলে ও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বাবা আজম আলী। রতনের মা রওশন আরা খাতুন দেশ রূপান্তরকে বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়িতে ফিরে ভাত খেয়ে ৪টার দিকে বেরিয়ে যায় রতন। এর কিছুক্ষণ পর থেকে রতনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সন্ধ্যায় বাড়িতে ফিরে না এলে আমরা সবাই চারদিকে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।’

বাবা আজম আলী বলেন, ‘স্থানীয় বাসিন্দা কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক আবদুর রাজ্জাক ওরফে রাজু মোল্লার যোগসাজশে রতনকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

কুমারখালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রতনকে হত্যার পর লাশ ওই নির্মাণাধীন বাড়িতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত