রাজধানীর মালিবাগে ট্রাক ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোরে আবুল হোটেলের সামনে একটি মাছ বহনকারী ট্রাক ও মুরগি বহনকারী পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে অজ্ঞাত এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পিকআপভ্যানের চালক কাজল (৪৫) ও তার সহযোগী বিল্লাল (৪০)সহ তিনজন আহত হন।
এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।