রুমান হত্যার ৯ মাসেও খুনিরা ধরা পড়েনি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭ পিএম

স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজবাড়ীতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ৯ মাস পরেও খুনিরা ধরা পড়েনি। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রুমান নামে পলিটেকনিকের ছাত্রকে প্রকাশ্যে খুন করা হয়  গত বছর ২৩ জুন বিকালে। রুমান গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে ফরিদপুর বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

অভিযোগ রয়েছে, বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়–য়া রুমানের এক বন্ধুর ভাগনিকে কাটাখালী এলাকার রাসেল নামের এক যুবক দীর্ঘদিন যৌন হয়রানি করে আসছিল। তারই প্রতিবাদ করায় রাসেলের নেতৃত্বে ৭/৮ যুবক কাটাখালী বাজারে পিটিয়ে হত্যা করে রুমানকে। এ ঘটনার ৯ মাস পরেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। রুমান হত্যার বিচার দাবিতে এলাকাবাসী এরমধ্যে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নিহত রুমানের বাবা আবুল কালাম আজাদ গত মঙ্গলবার সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করে জানান, তার ছেলে হত্যা মামলাটি সিআইডিতে যাওয়ার পর আসামিদের গ্রেপ্তারের কোনো অভিযান হয়েছে বলে তারা জানেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত