টিউশন ফি ছাড়াই শিক্ষার্থী ভর্তি না করায় সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একটি পক্ষের বিরুদ্ধে। নগরীর মেন্দিবাগে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিস থেকে কিছু কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমেদ বলেন, ‘মেধা তালিকার বাইরের সাত শিক্ষার্থীকে ভর্তি করানোর অনৈতিক আবদার জানিয়েছিল এই কলেজ থেকে দুই বছর আগে পাস করা সঞ্জয় ও ঝুটন। এতে সাড়া না দেওয়ায় তারা কলেজে হামলা চালায়।’ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘হামলায় নেতৃত্ব দেওয়া সঞ্জয় ও ঝুটন ছাত্রলীগ নেতা। তারা অনুসারীদের নিয়ে কলেজের প্রধান ফটক বন্ধ করে কয়েকটি কক্ষের চেয়ার ছোড়াছুড়ি করে। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে হামলাকারীরা অফিস থেকে ভর্তি সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে চলে যায়।’ এ ব্যাপারে ছাত্রলীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘কলেজ কর্র্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
×
