লক্ষ্মীপুরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫১ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে অভিযানে গিয়ে লাশ উদ্ধারের পর পুলিশ দাবি করেছে, দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দ্বিনা মাঝির খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন মানু (৩৮) ওই এলাকার মৃত সুলতান আহমদ পাটওয়ারীর ছেলে। তিনি পাঁচটি ডাকাতির মামলার আসামি ও এক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, গতকাল ভোররাতে চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাটসংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাইনউদ্দিন মানুকে উদ্ধার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘মাইন উদ্দিন মানু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সদর, কমলনগর, নোয়াখালীসহ বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতির মামলা আছে। এ ছাড়া কমলনগর থানায় অস্ত্র, দাঙ্গা ও বেআইনি অনুপ্রবেশের মামলায় ২০১১ সালের ৩০ জুলাই লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত