একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিকে ‘গণতামাশা’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘যার প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম উচ্চারিত হয় তখন তা আর গণশুনানি থাকে না, সেটা গণতামাশা হয়।’ নির্বাচন নিয়ে বিএনপির মামলা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা
(বিএনপি) মামলা করলে তা আমরা ফেস (মোকাবিলা) করব। কোনো দল যখন নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়, তখন তাদের সামনে নালিশ আর মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার পথ থাকে না।’ কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘তাকে হয় আইনি লড়াই, না হয় আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে।’
সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের গেজেট কবে হবে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই প্রকাশ করা হবে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে একটি সভা করেছি। সহসাই আরও একটি সভা করব। বিষয়টি ঝুলিয়ে রাখা ঠিক হবে না।’ ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডে অন্তর্ভুক্তের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
