বাগদান হয়ে গেল ঢালিউড নায়িকা পরী মনির। দীর্ঘ দিনের প্রেমিক তামিম হাসানকে বিয়ে করতে চলেছেন তিনি। বিশেষ এ দিনের জন্য তারা বিশ্ব ভালোবাসা দিবসকে বেছে নেন।
জানা যায়, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি পরী ও তামিমের প্রেম প্রকাশ্যে আসে। তার তিন বছর পর একই দিনে তাদের বাগদান সম্পন্ন হলো।
পরী মনি জানান, বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবার সামনে হাজির হয়ে বিয়ের ঘোষণা দেবেন। এ নিয়ে রহস্য করে জানান, কোনো এক ১৪ ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হবে।
এদিকে তামিম হাসান নিজেও ফেসবুক পোস্টে পরী মনির সঙ্গে বাগদানের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তাদের ফেসবুকে পেজে শোভা পাচ্ছে বাগদানের কিছু ছবি। ভালোবাসা দিবসের বার্তার সঙ্গে মিলিয়ে দুজনেই পরেছেন লাল পোশাক। তামিম ও তার পরিবারের পক্ষ থেকে পরীকে দেওয়া হয়েছে উপহার।
পরী মনিকে সর্বশেষ দেখা গেছে চলতি মাসে মুক্তি পাওয়া ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায়। তবে এ নায়িকা বছর দেড়েক হলো নতুন কোনো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। বিজ্ঞাপন ও ওয়েব ফিল্ম নিয়ে তার এখনকার ব্যস্ততা।
তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপক।
