ঘুরে দাঁড়ানোর ম্যাচে ‘সহজ’ উইকেটের হাতছানি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৬ পিএম

নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ। ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। গুগল করে পাওয়া আবহাওয়ার এই পার্থক্য দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের জন্য চিন্তার কারণ। স্বস্তিও অবশ্য আছে। সিরিজে ফেরার ম্যাচের উইকেট প্রথম ম্যাচের তুলনায় কিছুটা বেশি ‘সহজ’ হতে পারে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউ জিল্যান্ড মাঠে নামবে শনিবার স্থানীয় সময় সকাল ১১টায়। বাংলাদেশে তখন ভোররাত চারটা। নেপিয়ারে মাশরাফীর দল হেরেছিল ৮ উইকেটে।

নিউ জিল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ঘেঁটে জানা গেছে, শনিবারের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা বেশি। দেশটির ‘স্টাফ’ নামের একটি পত্রিকা জানিয়েছে, এখানে অনায়াসে ৩০০ রান তোলা সম্ভব। পত্রিকাটি এমন অনুমান করছে সাম্প্রতিক পরিসংখ্যান থেকে। হ্যাগলি ওভাল স্টেডিয়ামে শেষ কয়েকটি ম্যাচে আগে ব্যাট করা দল ৩০০’র বেশি রান তুলেছে।

এই মাঠের হেড গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর রুপের্ট বুলও শুক্রবার একই কথা বলেছেন, ‘আমরা দারুণ একটি ওয়ানডে ম্যাচের আশা করছি। কয়েক সপ্তাহ ধরে আবহাওয়াও দারুণ যাচ্ছে। আমি ওইভাবে রানের কথা বলতে চাই না। তবে অতীতের কথা টেনে বলতে পারি ৩০০ রান তোলা কঠিন কিছু না। উইকেট সবার জন্য ভালো হবে।’

হ্যাগলি ওভালে বাংলাদেশের ইতিহাস খুব একটা ভালো নয়। ২০১৬ সালে এখানে ৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় মুশফিকরা।

এবারের সফরে প্রথম ম্যাচে বাংলাদেশ ভুগেছে মূলত সুইং আর পেসারদের দারুণ মুভমেন্টে। তিন পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন নেন সাত উইকেট। ২৯ ওভারে ১৩১ রান তুলতে প্রথম সাত ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। এরপর মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফউদ্দিন অষ্টম উইকেটে রেকর্ড ৮৪ রান যোগ করে দলকে ২৩২ রানের স্কোর এনে দেন। সেদিন ফিল্ডিংটাও খুব একটা ভালো হয়নি।

ভুল শোধরানোর জন্য টাইগাররা খুব একটা সময়ও পাচ্ছেন না। গতকাল সবাই বিশ্রামে ছিলেন। পরিকল্পনা যা করার তা শুক্রবারের ম্যাচপূর্ব অনুশীলনেই করতে হচ্ছে।

ক্রাইস্টচার্চের আবহাওয়া বেশ রহস্যময়। যখন-তখন বৃষ্টি চলে আসে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউ জিল্যান্ডে আগে কখনো জয় না পাওয়া বাংলাদেশকে তাই প্রতিপক্ষের পাশাপাশি বৃষ্টি নিয়েও ভাবতে হচ্ছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত