মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করতে চাওয়ার কথা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জরুরি অবস্থার চূড়ান্ত নথিতে সই করা হবে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, নীতিনির্ধারকেরা সীমান্তে দেয়াল নির্মাণে অর্থছাড়ে রাজি না হওয়ায় কংগ্রেসকে এড়িয়ে জরুরি অবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
জরুরি অবস্থা ঘোষণা করলে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ পেতে বিরোধীদের দিকে তাকিয়ে থাকতে হবে না ট্রাম্পকে। তিনি নিজেই বিলটি পাস করতে পারবেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনে ব্যর্থ হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে ট্রাম্প অস্বীকৃতি জানালে ২১ ডিসেম্বর থেকে অচলাবস্থার মুখে পড়ে দেশটি। সেই অচলাবস্থা শেষ হয় ৩৫ দিন পর।
হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে জাতীয় নিরাপত্তার বেহাল অবস্থা আমরা নিরসন করতে যাচ্ছি। সবাই জানে দেয়াল নির্মাণ কাজে দেবে। যত দ্রুত সম্ভব আমি জরুরি অবস্থার চূড়ান্ত নথিতে সই করবো।’
