আখাউড়ায় আইনমন্ত্রী

নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ ভিত্তিহীন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২১ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে করা মামলায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা যেসব অভিযোগ তুলেছেন, সেগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে। কিন্তু তারা যে প্রশ্নটা তুলেছে সেটা ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে নির্বাচিত করেছেÑএটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ‘জাল ভোট’ দেওয়া, এজেন্টদের ‘বের করে দেওয়া’, ‘একতরফা ভোট’ দেওয়া, ‘কারচুপি’ ও ভোট ‘ডাকাতির’ অভিযোগ তুলে গত বৃহস্পতিবার বিএনপিপ্রধান ঐক্যফ্রন্টের ৭৪ জন পরাজিত প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হাউজ অব কমন্সের ছয় রিপ্রেজেন্টেটিভের চিঠির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশ সম্পর্কে তাদের আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, আবুল কাশেম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন ও ছাত্রলীগ নেতা সৈয়দ যুবরাজ শাহ রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত