৩০৪ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। হাতে পুরো দুটি দিন। কিন্তু চতুর্থ দিনে সেই লক্ষ্যের পেছনে ছুটে সফরকারী লঙ্কানরা ২১৫ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। ২২৬ রানে হারাল ৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার নিশ্চিত জয়ই ধরে নিয়েছিল সবাই। কিন্তু ডারবানে এদিন কুশল পেরেরার ব্যাটে রচিত হলো কাব্যগাথা। ক্যারিয়ারসেরা ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয় এনে দিলেন একজন কুশল পেরেরা।
রোববার মহানাটকীয়তার ডারবান টেস্ট শ্রীলঙ্কা জিতল ১ উইকেটে। আগের দিনের ৩ উইকেটে ৮৩ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দশম উইকেটে বিশ্ব ফার্নান্দোকে নিয়ে ৭৮ রান যোগ করেছিল কুশল পেরেরা। যেখানে বিশ্বর অবদান মাত্র ৬। কিন্তু সেই রানটাই পরিস্থিতির দাবিতে নিশ্চিত ভাবে যেকোনো সেঞ্চুরিকেও হার মানায়। আর পেরেরা? নিশ্চিত ভাবেই টেস্ট ক্রিকেটে লঙ্কানদের পক্ষে অন্যতম সেরা একটি ইনিংস খেললেন তিনি।
আগের দিন বোলিংয়ে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দারুণভাবে ম্যাচে ফেরান লাসিথ এম্বুলদেনিয়া। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ২৫৯ রানে থামে তাতে। এর আগে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের সামনে তাই লক্ষ্য দাঁড়ায় ৩০৪ রানের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৩৫ রান করার পর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ১৯১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শনিবার তৃতীয় দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ৮৩ রান তুলে। প্রোটিয়া বোলিংয়ের সামনে চতুর্থ ইনিংসে জয়টা যে সহজ হবে না তাদের, সেটি আঁচ পাওয়া গিয়েছিল আগের দিনই। কুশল পেরেরা ও ওসাদা ফার্নান্দো নতুন দিনের খেলা শুরু করেন।
এদিন আগের দিনের সঙ্গে আর ১৮ রান যোগ করার পরই ফেরেন ফার্নান্দো। আঘাত হানেন ডেল স্টেইন। একই ওভারে নিরোশান ডিকভেলাকেও (০) ফেরান স্টেইন। এরপর পেরেরা ও ধনঞ্জয়া ডি সিলভা ষষ্ঠ উইকেটে যোগ করেন ৯৬ রান।
৪৮ রান করা ডি সিলভা ও সুরঙ্গা লাকমালকে (০) পরপর দুই বলে ফেরান মহারাজ। শ্রীলঙ্কা তাতে পথ হারাল একেবারেই। ২০৬ রানে নেই ৭ উইকেট। এরপর এম্বুলদেনিয়েকে (৪) ফেরালেন দুয়ানে অলিভিয়ের। আর কাসুন রাজিথা ফিরলেন মহারাজের (১) বলে এলবিডব্লিউ হয়ে। শ্রীলঙ্কার স্কোরটা তখন ৯ উইকেটে ২২৬।
এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার জয়ের অপেক্ষায় স্বাগতিক দর্শকরা। কিন্তু টেস্ট ক্রিকেটের যে মৃত্যু হয়নি, সেটি প্রমাণ হলো এরপর। সাদা পোশাকের ম্যাচের চিরায়ত সুধা পান করল ডারবানের দর্শকেরা। ফার্নান্দোকে পাশে নিয়ে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন কুশল পেরেরা। এরপর পূরণ করলেন দেড় শত রানও। তার কাব্যিক ইনিংসে শ্রীলঙ্কাও পেয়ে গেল দারুণ এক জয়।
অবধারিতভাবে ম্যাচ সেরা হয়েছে কুশল পেরেরা। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৩৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯১
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৫৯
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন শেষে ৮৩/৩) (লক্ষ্য ৩০৪) ৮৫.৩ ওভারে ৩০৪/৯ (ওশাদা ৩৭, কুসল পেরেরা ১৫৩*, ডিকভেলা ০, ডি সিলভা ৪৮, লাকমল ০, এম্বুলদেনিয়া ৪, রাজিথা ১, বিশ্ব ৬*; স্টেইন ২/৭১, ফিল্যান্ডার ১/১৩, মহারাজ ৩/৭১, রাবাদা ১/৯৭, অলিভিয়ের ২/৩৫, মারকরাম ০/৪)।
ফল: শ্রীলঙ্কা ১ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কুসল পেরেরা।
