টেলিটক দিয়ে দেশে শুরু হবে ফাইভ-জি: মোস্তাফা জব্বার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ পিএম

মোবাইল ফোনে ফাইভ-জি প্রযুক্তি টেলিটকের মাধ্যমেই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছেন। তারই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। তিনি সমন্বয়ের মাধ্যমে টেলিটকের চলমান উন্নয়নে কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করারও তাগিদ দেন।

পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং মানসিক ও শারীরিক উৎকর্ষ বৃদ্ধিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘কম্পিউটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক পরিচয় হয় কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একে অন্যের কাছে আসার সুযোগ সৃষ্টি করে। যা মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।’

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দীন এবং জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ওয়াসিম সরকার বক্তব্য উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত