মেসির পেনাল্টি মিসে হতাশ নন বার্সা কোচ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৩ পিএম

রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনার জয়ের নায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচের দিকে হতাশও হতে হয় তাকে। পেনাল্টি থেকে আরো একটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এই ব্যর্থতায় হতাশ নন কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।

কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

ম্যাচের শেষ দিকে বার্সেলোনার বদলি খেলোয়াড় ফিলিপে কৌতিনিয়ো ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু মেসির নেওয়া এবারের স্পট কিকটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক মাসিপ।

চলতি মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৩০ গোল করা মেসির এমন ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখছেন না বার্সেলোনা কোচ, “না, আমি খুব উদ্বিগ্ন নই। তবে সে দুটো গোলই করবে বলে আমি নিশ্চিত ছিলাম।”

“লিও নিরাপদ একটা বাজি। সে আরো গোল করতে পারত।”

ভাইয়াদোলিদের বিপক্ষে খুব একটা নজরকাড়া ছিল না বার্সেলোনার খেলা। তবে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ পর জয়ে ফিরেছে দলটি। আগের তিন ম্যাচের মধ্যে লা লিগায় ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করে তারা। ড্র করে কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে।

সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে দল শীঘ্রই আবার ছন্দে ফিরবে বলে আত্মবিশ্বাসী ভালভেরদে, “আমি মনে করি, নিজেদের সেরাটা দিতে এবং ছন্দে ফিরতে দল প্রস্তুত হচ্ছে। মাঝে মধ্যে আপনি সব ম্যাচে নিখুঁত হতে পারবেন না। সামনে আমাদের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব।”

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওনেসের মাঠে খেলতে যাবে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত