রমজানে হালাল এক্সপো

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ এএম

হালাল খাদ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার লক্ষ্যে আগামী রমজান মাসে ‘হালাল এক্সপো’র আয়োজন করা হবে জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, হালাল সনদ প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশন একমাত্র সরকারি প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান বেআইনিভাবে হালাল সনদ প্রদান করছে। যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে হালাল সনদ প্রদান করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে ‘হালাল পণ্যের বাজার সৃষ্টি ও সচেতনতা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্বব্যাপী হালাল পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে হালাল পণ্যের বাজার সৃষ্টি ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদের ইমাম সাহেবদের সম্পৃক্ত করা হবে। মসজিদের ইমামদের আগামী মাস থেকে এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের পরিচালক মো. আবুল কালাম জানান, ২০০৭ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে উৎপাদিত খাদ্যসামগ্রী, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যালস ও কসমেটিকসের অনুকূলে হালাল সনদ প্রদান করে আসছে। এরই মধ্যে প্রায় ৮০টি কোম্পানির ১৫০টির অধিক পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে। হালাল সনদপ্রাপ্ত ৪০টি প্রতিষ্ঠানে প্রায় ৩৫টি দেশে বাংলাদেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করছে। তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ কার্যক্রমকে ডিজিটাইজেশন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত