চট্টগ্রামে বস্তিতে আগুন

পুড়ে মরল তিন পরিবারের ৯ জন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৩ এএম

চট্টগ্রাম নগরীর চাকতাই ভেড়ামার্কেট এলাকায় বস্তিতে আগুন লেগে এক পরিবারের চারজনসহ নয়জন পুড়ে মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকা- ঘটে। রাতের অন্ধকারে আর্তনাদ আর আহাজারিতে এলাকায় নেমে আসে বিভীষিকা। পুড়ে যায়  বস্তির ১৩ লাইনের এক কক্ষবিশিষ্ট ২০০ ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তৎক্ষণাৎ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

নিহতরা হলেন রহিমা আক্তার (৪০), তার মেয়েশিশু নাজমা আক্তার (১৪), ছেলে জাকির হোসেন বাবু (৬), আরেক মেয়ে নারফিন (৪), আরেক পরিবারের আয়েশা বেগম (৩৭), সোহাগ (১৯), হাসিনা আক্তার (৩৫)। বাকি দুজনের নাম-পরিচয় গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাশহুদুল কবীরকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের লামা বাজার ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবরকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে করতে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘মরদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’ 

গতকাল রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বজনদের হারিয়ে আহাজারি করছে বস্তিবাসী। সর্বস্ব হারিয়ে পথে বসেছে শত শত পরিবার। সহায় সম্বল হারানো পরিবারগুলোর চোখেমুখে বিভীষিকা। কেউ হারিয়েছেন মা, কেউ বাবা। অনেকেই আর্তনাদ করতে করতে বলছিলেন, ‘গরিব হওয়া কি তাদের অপরাধ?’ এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকা-ের খবরে ফায়ার সার্ভিসের লামা বাজার, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে প্রথমে আটজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় এবং পরে স্থানীয়রা আরেক শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত