২৪ ফেব্রুয়ারির গণশুনানির জন্য জায়গা বরাদ্দ চাইলেও সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল রবিবার সাংবাদিকদের এ কথা জানান ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
এর আগে রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটি প্রায় দুই ঘণ্টা বৈঠক করে গণশুনানির প্রস্তুতি নিয়ে। রব বলেন, একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র চিত্র তুলে ধরতে গণশুনানির জন্য ফাঁকা তারিখ দেখে আবেদন করা হলেও কোনো জায়গা বরাদ্দ দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যেকোনো মূল্যে ঐক্যফ্রন্ট গণশুনানি করবে বলে জানিয়েছেন সরকারবিরোধী প্রধান এই জোটের নেতারা। আ স ম আবদুর রব বলেন, যত প্রতিবন্ধকতা আসুক না কেন আমরা গণশুনানি করব। সরকার যতই হল বন্ধ করুক, ঘরে-বাইরে, যেখানে পারি আমরা করব। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি আমরা গণশুনানি করব বলে সরকার আগে থেকে সারা মাস সব হল বুকিং দিয়ে রেখেছে। আমাদের কোনো হল দেওয়া হচ্ছে না। সরকারের সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের আকাশের নিচে আমরা যেখানে জায়গা পাব সেখানেই গণশুনানি করব।
গণশুনানির জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ অথবা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনকে স্থান হিসেবে বিবেচনা করেছিল ঐক্যফ্রন্ট। জানা গেছে, পছন্দসই ভেন্যু না পেলে গণফোরাম অফিসের সামনে অথবা বিএনপির অফিসে গণশুনানি হতে পারে।
