পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পিকনিকের বাস উল্টে একজন শিক্ষার্থী নিহত ও শিক্ষক শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শালবাহান বাজারের পাশে রওশনপুর পিকনিক স্পটের কাছে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাজিব সিংহ। তিনি আটোয়ারী উপজেলার রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্বিগ্ন স্বজনরা হাসপাতালে ভিড় করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটোয়ারী উপজেলার রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক-কর্মচারী মিলে ৮১ জন পিকনিকের জন্য একটি মিনিবাসে করে তেঁতুলিয়া উপজেলার রওশনপুর যাচ্ছিল।
দুপুরে শালবাহান-রওশনপুর সড়কের রওশনপুরের কাছাকাছি গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে।
এতে ২০ জন শিক্ষক শিক্ষার্থী আহত হয়। ঘটনাস্থলেই রাজিব সিংহ নামে এক শিক্ষার্থী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম জানান, দুর্ঘটনায় একজন শিক্ষার্থী ঘটনাস্থলে মারা গেছে। এছাড়া আহত হয়েছে ২০ জন শিক্ষক শিক্ষার্থী।
আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য শিক্ষার্থীরা সুস্থ অবস্থায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের অধীনে নিরাপদে রাখা হয়েছে।
