জাহাজ নির্মাণ শিল্প

৩৫% করপোরেট কর প্রত্যাহারের দাবি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ পিএম

আসন্ন বাজেটে জাহাজ নির্মাণ শিল্প খাতে বিদ্যমান ৩৫ শতাংশ করপোরেট কর তুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে এ দাবি জানান তারা। 

শিপার্স কাউন্সিলের নেতারা বলেন, চলতি অর্থবছরের বাজেটে এ খাতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) তুলে দেওয়ায় দেশীয় জাহাজ নির্মাণ খাতে উদ্যোক্তাদের আগ্রহ বেড়েছে। করপোরেট ট্যাক্স তুলে দিলে এ শিল্প খাতের দ্রুত বিকাশ ঘটবে। ফলে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশগ্রহণ বাড়বে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার জাহাজ নির্মাণ শিল্প বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এ শিল্পকে অগ্রাধিকার শিল্প খাতে তালিকাভুক্ত করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চরনিশানবাড়িয়া ও মধুপাড়া মৌজা এবং বরগুনার তালতলী উপজেলার  ছোটনিশানবাড়িয়া মৌজায় পরিবেশবান্ধব শিপ বিল্ডিং ও রিসাইক্লিং জোন গড়ে  তোলা হচ্ছে। বৈঠকে সংগঠনের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, আফসার উদ্দিন আহমেদ, এ. কে.এম. আমিনুল মান্নান (খোকন), সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত