সুন্দর নগরী গড়তে নগরবাসীর সচেতনতায় জোর দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার এক আলোচনায় তিনি বলেছেন, ‘মানুষ যদি অধিকার ও দায়িত্ব সচেতন হন তাহলেই ঢাকাকে সুন্দর করা সম্ভব। আমরা যারা ঢাকায় থাকি, তাদের সবারই এই শহরের প্রতি দায়িত্ব আছে।’ রাজধানীর হোটেল লেকশোরে ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন নৌকার প্রার্থী আতিকুল। তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) আয়োজিত এই আলোচনায় অংশ নেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, রাশেক রহমান, রেজওয়ানুর রহমান, সৈয়দ আলমাস কবীর, হাসান রশিদ, খিজির হায়াৎ খানসহ ব্যবসায়ী নেতারা। বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘যে দেশের মাটিতে বঙ্গবন্ধু শুয়ে আছেন, ৩০ লাখ শহীদ শুয়ে আছেন; সে দেশের মাটিতে কীভাবে আমরা যত্রতত্র ময়লা ফেলি।’ ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আমার বন্ধুদের পাশে পেতে চাই। যেমনটা তারা ছিলেন রানা প্লাজা দুর্ঘটনার সময়। আমি তখন বিজিএমইএ সভাপতি ছিলাম। সবাইকে নিয়ে আমি সবার কাজগুলো করব।’ এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘যারা নগরের সেবক হতে চান তাদের মধ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রবণতা আতিকুল ইসলামের আছে। তিনি একজন ভালো সংগঠক।’ জেসিআই ওয়ার্ল্ডের সহসভাপতি আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিআই বাংলাদেশের সভাপতি ইরফান ইসলাম
×
