এক সপ্তাহ আগের ঘোষণা অনুযায়ী পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার অভিযান শুরুর দিনে নিষিদ্ধঘোষিত কোনো কেমিক্যাল না পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়।
গতকাল দুপুরে বাবুবাজার মিটফোর্ড এলাকায় কেমিক্যাল কারখানাগুলোর অবস্থা সরেজমিন পরিদর্শন করতে যান সাঈদ খোকন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর, র্যাব, ফায়ার সার্ভিসসহ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিন পরিদর্শন শেষে রিপন পারফিউমারী অ্যান্ড কেমিক্যাল, উম্মে হানি পারফিউমারী অ্যান্ড কেমিক্যাল, মডার্ন পারফিউমারী অ্যান্ড কেমিক্যাল, আমীন পারফিউমারী অ্যান্ড কেমিক্যাল এবং সজিব কেমিক্যালকে লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়। এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়েছি যে, ২৯টি কেমিক্যাল অত্যন্ত দাহ্য। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এগুলো থেকে যেকোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। যেসব দোকান বা গোডাউনে এসব কেমিক্যাল পাওয়া যাবে, ভ্রাম্যমাণ আদালত সেগুলোকে সিলগালা করে দেবে।’ নিষিদ্ধঘোষিত কেমিক্যালগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোÑ ইথাইল অ্যালকোহল, ২-ইথাইল অ্যালকোহল, আইএসও প্রোপাইল অ্যালকোহল, এম ই কে, এম আই বি কে, থিনাইয়ার বি, ডাই এসিটোন অ্যালকোহল ইত্যাদি।
