প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর গুলশানের কড়াইল মৌজায় সরকারি অধিগ্রহণ করা ৬ দশমিক ৬৭৫৬ একর সম্পত্তি বেআইনিভাবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। ২৯৪ কোটি টাকায় এ সম্পত্তি দেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই পরিচালকসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল বুধবার কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
তিনি জানান, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে ওই সরকারি সম্পত্তির মূল্য ২৯৪ কোটি টাকা ধার্য করে ৯১ কোটি টাকা রেজিস্ট্রি দলিলে হস্তান্তর করেন। এ অভিযোগে বিটিসিএলের কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রারসহ ১৮ জনের বিরুদ্ধে ২০১১ সালের ২ নভেম্বর গুলশান থানায় মামলা করেছিল দুদক। তদন্তে আরও ছয়জনের সম্পৃক্ততা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আহমেদ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেন। কমিশন সেটা অনুমোদন করে। আসামিদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তাও রয়েছেন। অভিযোগে বলা হয়, গুলশানের ওই সরকারি জমিটি হাতিয়ে নেওয়ার জন্য বিটিসিএলের কর্মকর্তাদের সহায়তায় প্রথমে কয়েক ব্যক্তির নামে স্থানান্তর করা হয়। পরে তাদের কাছ থেকে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি জমিটি কম দামে কিনে নেয়। তবে চার্জশিটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক আইন উপদেষ্টাকে আসামি করা হলেও কোম্পানির এমডি বা চেয়ারম্যানের নাম নেই।
