দ্বিতীয়ার্ধে উরুগুয়ান দুই সেন্টার-ব্যাক হোসে হিমেনেস ও দিয়েগো গদিনের গোল। তাতে শেষ ষোলোর প্রথম লেগে ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।
নিজেদের মাঠে বুধবার রাতের লড়াইটিতে সেরি আ চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় দিয়েগো সিমেওনের দল। সেট পিস থেকে গোল দুটি করেন হিমেনেস ও গদিন।
ব্যবধানটা আরো বড় হতে পারত আতলেতিকোর। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিংয়ে বাদ হয়ে যায় দলটির একটি পেনাল্টি ও আলভারো মোরাতার একটি গোল।
তবে ইউভেন্তুসের শুরুটা ছিল নজরকাড়া। নবম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য ঠেকিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আরো একটি শট নেন রোনালদো। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। দ্বাদশ মিনিটে লিওনার্দো বোনুচ্চির হেডে নেওয়া বল অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
সময়ের সঙ্গে ছন্দ খোঁজে পায় আতলেতিকো। ২৯তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান ইউভেন্তুস গোলরক্ষক। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। ৫০তম মিনিটে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও জাল খোঁজে নিতে পারেননি স্ট্রাইকার দিয়েগো কস্তা।তিন মিনিট পর গ্রিজমানের শট লাগে ক্রসবারে।
ম্যাচের ৭৮তম মিনিটে আতলেতিকোর গোলের অপেক্ষার শেষ হয়।কর্নারে মোরাতার হেড ঠেকিয়ে দেন ইউভেন্তুস ফরোয়ার্ড মারিও মানজুকিচ। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল পেয়ে আট গজ দূর থেকে ডান পায়ের শটে গোল করেন হিমেনেস।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিতীয় গোলটি পায় স্বাগতিক দল। গ্রিজমানের ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ইউভেন্তুস ডিফেন্ডাররা। বল পেয়ে যান গদিন। দুরূহ কোণ থেকে নেওয়া গদিনের শট রোনালদোর গায়ে লেগে জালে জড়ায়।
শেষ দিকে মূল্যবান একটি অ্যাওয়ে গোল আদায় করে নেওয়ার সুযোগ পেয়েছিল ইউভেন্তুস। কিন্তু ডি-বক্সে বল পেয়েও ঠিকমতো হেড নিতে পারেননি রোনালদো। হারের তীক্ত স্বাদ দিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
তুরিনে আগামী ১২ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।
এদিকে, শেষ ষোলোয় অপর ম্যাচে প্রথম জার্মানির ক্লাব শালকের মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
