বরগুনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৮ পটুয়াখালী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব-০৮। বুধবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের চেকপোস্ট দেখে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ পটুয়াখালী-বরগুনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন বলেন, গাইড বই দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাইফুল ইসলাম, তার বাবা মাওলানা ইব্রাহিম ও সাইফুলের ভাইয়ের স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম ধূর্ত, বিচক্ষণ ও বুদ্ধিমান হওয়ার কারণে সে বিভিন্ন সময়ে তার অবস্থান ও মোবাইল নম্বর পরিবর্তন করতে থাকে। এ কারণে তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও আগেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
