রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ আহত ৬

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লম্বাশিয়া বাজারের ক্যাম্প-১ ইস্টে এ ঘটনায় আহত সাংবাদিকরা হলেনÑ ইয়োচো লিওলি (৪২), অ্যাস্ট্যাটিউ এপল (৪৫) ও গ্রান্ডস স্ট্যাফু (৪০)। তবে তারা জার্মানির কোন মিডিয়ার সাংবাদিক তা জানাতে পারেনি পুলিশ। আহত অন্যরা হলেন তাদের দোভাষী মো. সিহাবউদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০) এবং পুলিশ সদস্য জাকির হোসেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়া বাজারে এক রোহিঙ্গা পরিবারকে কাপড় কিনে দিচ্ছিলেন। ওই সময় তাদের গাড়িতে বসা রোহিঙ্গা দুই শিশুকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে মনে করে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। রোহিঙ্গারা তাদের ক্যামেরা, পাসপোর্ট ও সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং গাড়িটি ভাঙচুর করে। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত