‘সামহোয়্যারইন ব্লগ’ বন্ধের নির্দেশ দেয়নি বিটিআরসি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৯ এএম

‘সামহোয়্যারইন ব্লগ’ বন্ধের অভিযোগের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

সম্প্রতি বিভিন্ন পর্নো ও অশ্লীল কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট বন্ধ করেছে সরকার। এই কার্যক্রম চলাকালে সামহোয়্যারইন ব্লগের নাম থাকায় অনেকে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্লগটি বন্ধের বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘বিটিআরসির এমনিতেই লোকবল কম। এগুলো নিয়ে ছোটাছুটি করে দেখি যে আদৌ কিছু হয়নি। সামহোয়্যারইন ব্লগ বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা বিটিআরসি থেকে পাঠানো হয়নি।’

গত ১৮ ফেব্রুয়ারি সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৭ ফেব্রুয়ারি আমরা জানতে পারি অনেকেই সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে পারছেন না। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোনো সমস্যা খুঁজে পাইনি এবং নিশ্চিত হই যে, এই সমস্যাটি ব্লগের নিজস্ব কোনো কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না। যেসব আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, সরকারের নির্দেশে দেশে বেশকিছু অশ্লীল/অনৈতিক (পর্নো ও জুয়া) সাইট বন্ধ করে দেওয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত