চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও একজনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগ। নিহতের নাম জাফর আহমেদ (৪৫)। এ নিয়ে নিহত ৬৭ জনের মধ্যে ৪৮ টি লাশের পরিচয় শনাক্ত হল।
শনিবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা নিহত জাফরের লাশ শনাক্ত করেন তার বড় ছেলে মো. রাজু। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মির্জানগর গ্রামের সোলায়মানে ছেলে। চকবাজার সাতরওজা এলাকায় থাকতেন। ওই এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ সন্তানের জনক ছিলেন জাফর।
নিহত জাফরের চাচা মোহাম্মদ হারুন জানান, ঘটনাস্থলের পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দুর্ঘটনার আগ মুহূর্তে ঘটনাস্থলে জাফরকে মেরুন কালারের শার্ট পড়া অবস্থায় দেখা গেছে। মিটফোর্ড মর্গে ওই মেরুন কালার শার্টের কিছু অংশ দেখেই জাফরের লাশ শনাক্ত করা গেছে।
বিকেলে মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে লাশটি ঢাকা মেডিকেল মর্গে আনা হয়। সেখানে মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হন এটি দাবিকৃত জাফরের লাশ। এরপর পুলিশ এবং সংশ্লিষ্টদের তিনি এটি নিশ্চিত করেন।
