ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেড় হাজার বাংলাদেশি ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন।
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এসব অ্যাকাউন্ট থেকে গুজব ছাড়ানো হচ্ছিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও মন্ত্রীর নামে নকল আইডি খুলে রাখা হয়েছিল। যা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্ধ করা হয়েছে।
এর আগে বিভিন্ন পর্ন সাইট বন্ধ করা হয় এ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কয়েক হাজার পর্ন সাইট ইতিমধ্যে বন্ধ হয়ছে বলে জানায় সূত্র।
এর আগে দেশ রূপান্তরকে মন্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে খুঁজে বের করে যেসব সাইটের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি সেগুলো বন্ধে বিটিআরসিকে নির্দেশ দিয়েছি। এ প্রক্রিয়া চলতে থাকবে। এতে দেশ, জাতি বিশেষ করে তরুণ সমাজের মঙ্গল হবে বলেই আমি বিশ্বাস করি। মোস্তাফা জব্বার আরও বলেন, শুধু পর্নো ওয়েবসাইট নয় ফেসবুকেরও যেসব পেইজ এবং আইডিতে কুরুচিপূর্ণ ছবি ব্যবহার করা হচ্ছে সেগুলো আমরা শিগগির বন্ধ করে দেব। যখনই কারও বিরুদ্ধে অভিযোগ পাব তখনই ব্যবস্থা নেব।
তিনি বলেন, এছাড়া জনপ্রিয় সামাজিকমাধ্যম ইউটিউবের যেসব চ্যানেলে খারাপ ভিডিও প্রকাশ করা হচ্ছে সেগুলো তালিকা করা হচ্ছে বলে জানান মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমরা ইউটিউবের খারাপ সাইটগুলো খুঁজছি। ইউটিউবের নিয়ন্ত্রণ যেহেতু আমাদের হাতে নেই সেহেতু তালিকা হয়ে গেলে আমরা ইউটিউব কর্র্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে তারা এসব বন্ধ করে দেয়।
×
