লেখনীতে সময়ের প্রতিচ্ছবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৮ এএম

বাংলানামা থেকে প্রকাশ হয়েছে ওয়াহিদ সুজনের প্রথম গল্পগ্রন্থ ‘এই সব গল্প থাকবে না’। বইটির প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য। প্রথম বই প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে ওয়াহিদ সুজন বলেন, ‘এটা আমার প্রথম গল্পের বই। পাঁচ বছর ধরে লেখা গল্প থেকে বাছাই করেছি। সম্পর্কের বিবিধ ধরন উঠে এসেছে এইসব গল্পে। মানুষের সাথে মানুষের, মানুষের সাথে প্রকৃতির। বেশির ভাগ গল্পই আত্মকথনের প্যাটার্নে লেখা। এক অর্থে নিজের সঙ্গে বোঝাপড়া। যার নিরিখে অপরকে আত্মস্থ করার চেষ্টা। এই আর কী।’ ‘বরফে তৈরী মানুষের সিক্রেট’ নামে এবারের বইমেলায় প্রথম কবিতার বই নিয়ে এসেছেন অদ্বিত অদ্রি অনন্ত। প্রকাশ করেছে আগামী প্রকাশনী। অনন্ত বলেন, ‘প্রথম বইয়ের প্রকাশ, স্বাভাবিকভাবেই ব্যাপারটা বেশ এক্সাইটিং আমার জন্য। পাঠকরা বইটা নিচ্ছে, কেউ কেউ পছন্দ করছে, কেউ হয়তো করছে না, তবু পড়ছে তারা। এই পুরোটাই একটা অদ্ভুত জার্নি। এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, হারানোর নেই কিছু, আছে শেখার মতো নানান বিষয়। সেগুলোর মধ্য দিয়েই যাচ্ছি, যতটুকু পারছি নিজের ভেতর ধারণ করছি, প্রথম বইয়ের প্রকাশ এরকমই  ম্যাজিক্যাল। সুবন্ত যায়েদ এবারের মেলায় নিয়ে এসেছেন গল্পগ্রন্থ ‘কতিপয় মৃত্যুপ্রকল্পের প্রাণ’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। লেখক সুবন্ত যায়েদ বলেন, জন্মের বিপরীতে মৃত্যু কিংবা মৃত্যুর বিপরীতে জন্ম বললে দুয়ের ভেতরে যে দূরত্বটা তৈরি হয়, আদতে তারা এতটা দূরত্ববাচক নয়। জন্মের চোখ দিয়েই আমরা মৃত্যুকে দেখি, কিংবা মৃত্যুর চোখ দিয়ে জন্মকে। মানুষ জানে না তবু জেনে যায় ক্রমাগত সমর্পণের ভেতরে। এইসব গল্প মূলত মৃত্যুপ্রকল্পের, যে প্রকল্পের মালিকানা আধেক প্রকৃতির, আধেক মানুষের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত