সিলেটকে ডিজিটাল নগর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ লক্ষ্যে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। নগরে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া হবে। ডিজিটাল সিটি বাস্তবায়ন হলে বিভিন্ন হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া সহজলভ্য হবে।’ নগরের মিরাবাজার মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন। আবদুল মোমেন আরও বলেন, ‘যেকোনো মূল্যে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। ছেলেমেয়েরা গুণগত ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হলে দেশ দ্রুত উন্নত হবে। তারা চাকরির জন্য বসে থাকবে না। নিজেরাই চাকরির ব্যবস্থা করতে পারবে।’ স্কুলের শিক্ষক সেলিম আহমদ ও ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দলের মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
×
