বরিশাল জেলার চিহ্নিত ১১ জন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ফুল এবং বিশেষ পুরস্কার দিয়ে আত্মসমর্পণকারীদের আলোর পথে বরণ করে পুলিশ। গতকাল শনিবার সকালে বরিশাল জেলা পুলিশ লাইনসের হল রুমে পুলিশ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিব। অনুষ্ঠানে আত্মসমর্পণ করেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শাহিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার মিরাজ হোসেন, উজিরপুর উপজেলার মনির হোসেন সিকদার ও মিরাজ হোসেন, আগৈলঝাড়া উপজেলার রুবেল ফকির, মেহেন্দিগঞ্জ উপজেলার পারভেজ হাসান, হিজলা উপজেলার নাজমুল হোসেন, বানারীপাড়া উপজেলার রাজু হাওলাদার ও শামীম মৃধা এবং গৌরনদী উপজেলার কাজী ইব্রাহীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, কোনো মাদক ব্যবসায়ীর সঙ্গে যেন পুলিশের কোনো ধরনের সখ্য না থাকে। সে লক্ষ্যে পুলিশকে একা কাজ করলে হবে না। সবাইকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান ডিআইজি। আত্মসমর্পণ করা যাদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে তা চলবে বলে জানান পুলিশ সুপার।
