পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে পাঠানো এ বার্তায় জাতিসংঘ মহাসচিব অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতার প্রশংসা করেন। পরিস্থিতি মোকাবিলায় যেকোনো সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ওয়াহেদ ম্যানশনসহ পাঁচটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জন নিহত হয়। এ ছাড়া আহত অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ অনেকে শোক জানিয়েছেন।
