চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খননকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজেরও উদ্বোধন করেন তিনি।
রোববার সকাল ১১টার দিকে তিনি এসব মেগা প্রজেক্টের উদ্বোধন করেন। এসময় প্রকল্প এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু টানেল সাইটে নদীর প্রস্থ ৭০০ মিটার এবং পানির গভীরতা ৯-১১ মিটার। প্রস্তাবিত টানেলের দৈর্ঘ্য তিন হাজার ৪০০ মিটার।
গত ২০১৫ সালের ২৪ নভেম্বর টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই হয়। আট হাজার ৮৮০ কোটি টাকা ব্যয়ে টানেলটি বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। ২০২২ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরকে বাইপাস করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
