সংশোধনাগার থেকে দেশে ফিরেছে কিশোর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ পিএম

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক কিশোর জিল্লুর রহমান (১৭) ১৪ মাস ভারতের শিশু সংশোধনাগারে কাটানোর পর গতকাল বাংলাদেশে ফিরেছেন। দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে গতকাল সোমবার বেলা ১১টায় ভারতের হিলি ইমিগ্রেশন ওসি শিপ্রা রায় তাকে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবিরের কাছে হস্তান্তর করেন। দেশে ফেরত আসা জিল্লুর রহমান সিলেট জেলার জালালাবাদ থানার হেরাকোলা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

জিল্লুর রহমান বলেন, দিল্লিতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে এক বছর দুই মাস আগে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে আমাকে এক ব্যক্তি অর্থের বিনিময়ে ভারতে পার করে দেয়। পরে ভারতের ত্রিমোহনী এলাকা থেকে বিএসএফ আমাকে আটক করে। এরপর তারা আদালতে উপস্থাপন করলে সেখান থেকে শুভায়ন হোম নামের সংশোধনাগারে পাঠানো হয়। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি ফিরোজ কবির জানান, জিল্লুরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত