রাজশাহীর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯ এএম

চট্টগ্রামে ‘বিমান ছিনতাইয়ের চেষ্টার’ ঘটনার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার রাত থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা কর্মীদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি যাত্রী তল্লাশিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানিয়েছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়ের আলম জানান, সবসময়ই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা কঠোর থাকে। তবে চট্টগ্রামের ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সার্বক্ষণিক তদারকি করছেন নিরাপত্তা কার্যক্রম। 

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, সকালে পুলিশ, জেলা প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে  দেখেছেন। সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও পুলিশ, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার বাহিনীর কর্মীরা রয়েছেন।

রবিবার বিকালে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ছিনতাইকারীর কবলে পড়ে বলে কর্তৃপক্ষের ভাষ্য। ওই অবস্থায় বিমানের পাইলট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলে যাত্রীদের সবাইকে নামিয়ে আনা হয়। প্রায় দুই ঘণ্টা টান টান উত্তেজনার পর আট মিনিটের কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, ‘পিস্তলধারী’ ওই যুবক নিহত হয়েছেন। তবে ওই যুবকের কাছে পাওয়া পিস্তলটি খেলনা বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত