চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৭ এএম

বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা নিখিল সেন আর নেই।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল সোমবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

নিখিল সেন একাধারে অভিনয়শিল্পী, আবৃত্তিকার ও রাজনীতিবিদ। ‘সিরাজের স্বপ্ন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার নাট্যজীবন শুরু। অভিনয় ছাড়াও নির্দেশনা দিয়েছেন ২৮টি নাটকে। নাটকে অবদানের জন্য ২০১৮ সালে পান একুশে পদক। ২০১৫ সালে আবৃত্তিতে ‘শিল্পকলা পদক’ পেয়েছেন।

নিখিল সেনের মৃত্যুতে তার বরিশাল নগরের হাসপাতাল রোড ঝাউতলার বাসায় ভিড় করেন স্বজন ও শুভানুধ্যায়ীরা। গতকাল তার মরদেহ অমৃত লাল দে মহাবিদ্যালয় চত্বরে রাখা হয়। আজ সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে। বেলা ১১টায় নেওয়া হবে প্রেস ক্লাবে, সাড়ে ১১টায় উদীচী ও বরিশাল নাটক কার্যালয় চত্বরে। পরে মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

বরিশালের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক নিখিল সেন। বরিশাল নাটক, উদীচী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি শিল্পকলা একাডেমি সম্মাননা, গ্রুপ থিয়েটার, ফেডারেশন সম্মাননা ও শহীদ মুনীর চৌধুরী পুরস্কার পেয়েছেন। নিখিল সেনের জন্ম ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলশ গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত