পাকিস্তান কি আসলেই ভারতীয় পাইলটকে আটক করেছে? এমন জল্পনা-কল্পনার মাঝে দেশটির তথ্য মন্ত্রণালয় থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে একজন ব্যক্তিকে চোখবাঁধা অবস্থায় কথা বলতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, ওই চোখবাঁধা ব্যক্তি ভারতীয় পাইলট। নাম অভি নন্দন। তিনি নিজেকে উইং-কমান্ডার হিসেবে পরিচয় দিয়েছেন।
এর আগে পাকিস্তান দাবি করে, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত আবার এই দাবি অস্বীকার করে। তারা জানায়, পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘এই জবাবের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের নিজেদের রক্ষার অধিকার, প্রত্যয় এবং সামর্থ্যের প্রমাণ দেওয়া।’
পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার একদিন পর এই এ ঘটনা ঘটল।
১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান। সঙ্গে এও বলেন, ‘ভারত হামলা করলে আমরা উচিত জবাব দেব।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
