বাংলাদেশে অফিস খোলার কথা দিয়েছে ফেসবুক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৩ পিএম

বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠকে ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার এ বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ বৈঠক হয়।

বৈঠকে মন্ত্রী ফেসবুক প্রতিনিধিদের বলেন, তাদের অবশ্যই কান্ট্রি অফিস করতে হবে। কনটেন্ট প্রকাশে বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলতে হবে।

বৈঠকে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান এবং সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বিনি রানা। ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট প্রকাশে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের সিস্টেম হতে পর্নোগ্রাফি সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে, এটি ভবিষ্যতেও চলবে।

কোনো বিষয়ে সরকার থেকে ফেসবুকের সাহায্য চাওয়া হলে ব্যবস্থা নিতে তিন-চারদিন লেগে যায়। মন্ত্রী এ বিষয়টিও তার আলোচনায় সামনে আনেন।

ফেসবুক বলছে, তারা রেসপন্স টাইম কমিয়ে আনার চেষ্টা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত