হুমায়ুন আজাদ হত্যার বিচার দাবিতে বইমেলায় মানববন্ধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৮ পিএম

লেখক হুমায়ুন আজাদ হত্যার বিচারের দাবিতে বইমেলায় মানববন্ধন করেছে লেখক প্রকাশক পাঠক ফোরাম।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন প্রকাশক ওসমান গণি।

এ ছাড়া উপস্থিত ছিলেন কবি আমিনুর রহমান সুলতানসহ অনেকে।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, “কী কারণে হুমায়ুন আজাদ হত্যার বিচার হচ্ছে না, সেটা আমরা জানি না। কিন্তু আমরা আর কোনো মুক্তচিন্তার মানুষের মৃত্যু দেখতে চাই না। হুমায়ুন আজাদ হত্যার বিচার হোক। অভিজিৎ, দীপনকে হারানোর বেদনা ভুলে সামনে এগিয়ে যেতে চাই।'

ড. মুহাম্মদ সামাদ বলেন, “জঙ্গিবাদের আক্রমণে আমরা হারিয়েছি হুমায়ুন আজাদ, অভিজিৎসহ বেশ কয়েকজন প্রগতিশীল লেখক, মুক্তচিন্তার মানুষকে। কবি শামসুর রাহমানও হামলা থেকে রেহাই পাননি। তাই সরকারের কাছে আমরা দাবি জানাই, হুমায়ুন আজাদ হত্যার বিচার করা হোক।”

সভাপতির বক্তব্যে ওসমান গণি বলেন, “প্রতি বছর আমরা বিচারের দাবি নিয়ে দাঁড়াই। কিন্তু বিচার পাই না। আগামী বছর বইমেলার আগেই আমরা আশা করবো, বিচার হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, হুমায়ুন আজাদ হত্যার বিচারও হবে। যারা মুক্তচিন্তাকে মুছে দিতে হুমায়ুন আজাদকে হত্যা করেছে। তাদের বলতে চাই, মুক্ত চিন্তাকে মুছে ফেলা যায় না।”

প্রতি বছর বইমেলায় ২৭ ফেব্রুয়ারিকে হুমায়ুন আজাদ দিবস ঘোষণা করার দাবি জানান ওসমান গণি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত